শাহাদাতকে গলা কেটে হত্যা
বিচার দাবিতে চালকদের ইউএনও ভবনে বিক্ষোভ

নরসিংদীর রায়পুরায় অটোরিকশা ছিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে শাহাদাত নামে ১৩ বছরের এক কিশোরকে গলা কেটে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে উপজেলা পরিষদ ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে অটোরিকশা চালকরা।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আদিয়াবাদ ইউনিয়নের অটোরিকশা চালকরা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করে ইউএনও অফিসে গিয়ে নির্বাহী কর্মকর্তার সাথে আসামীদের গ্রেফতারের দাবী জানান বিক্ষোভকারীরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, বিশেষ অভিযান পরিচালনা করে দ্রুত আসামী গ্রেফতার করা হবে। ইতোমধ্যে পুলিশ প্রশাসনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এর আগে গত শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আমিরগঞ্জ-বদরপুর সংযোগ ব্রীজের নির্জন রাস্তার পাশ থেকে গলা কাটা অবস্থায় শাহাদত নামের এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। শাহাদত উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের ইব্রাহিম মিয়ার ছেলে।
স্বজনরা জানান, শাহাদত স্থানীয় একটি মাদ্রাসার হেফজখানায় পড়ালেখা করতো। গত শনিবার শখের বসে তার বড় ভাইয়ের রিকশা নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হন।
ভোরের আকাশ/এসএইচ