দিনাজপুরে শুধু মাঠই আছে, কোন সুযোগ সুবিধা নেই: আসিফ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, তাদের লক্ষ্য ঢাকার বাইরে আমরা ক্রিকেট ছড়িয়ে দেয়া। এজন্য সারা দেশের জেলাগুলোতে ক্রিকেটের অবস্থান সম্পর্কে জানতে পরিদর্শনে নেমেছে বিসিবি। আগের তুলনায় ক্রিকেট বোর্ডের অবস্থা অনেকটাই ভালো বলেও জানান তিনি।
বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, বয়স ভিত্তিক ক্রিকেট লীগ এবং টুর্নামেন্টগুলো সময় মত হতে হবে। এজন্য ক্রিকেট বোর্ড থেকে মনিটরিং করা হবে। তবে পরবর্তীতে অনূর্ধ্ব-২১ এবং অনূর্ধ্ব-২৩ ২৩ বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলার জন্য প্রস্তুতি নেয়া হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে দিনাজপুর গোরে শহীদ ময়দান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী আসিফ দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠের ভুয়সী প্রশংসা করে বলেছেন, 'দেশের অনেক জায়গায় আমি গিয়েছি কিন্তু এ ধরনের মাঠ আমার চোখে পড়েনি। এই মাঠটি হলো খেলাধুলার জন্য একটি উপযুক্ত মাঠ।' মুশফিকুর রহিমের শততম টেস্টের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'এ ধরনের মাঠ থেকেই শত শত মুশফিকুর রহিম তৈরীর সুযোগ রয়েছে।'
তিনি এ জন্য দিনাজপুরে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের জন্য ক্রিকেট বোর্ড, স্কোর বোর্ড, নেট ও বোলিং মেশিনসহ যা যা প্রয়োজন সবকিছু দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ক্রিকেট প্রতিযোগিতা ও টুর্নামেন্টের পূর্বে বেশি বেশি করে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।
বড়মাঠ নিয়ে আসিফ আকবর বলেন, 'দিনাজপুরে শুধু মাঠ রয়েছে, অন্য কোন সুযোগ সুবিধা নেই। ক্রিকেট খেলতে যে সব ফ্যাসিলিটিজ দরকার ক্রিকেট কমিটি বিসিবিকে জানাবে, আমরা ব্যবস্থা করে দিব।'
দিনাজপুরের ক্রিকেটে বেশকিছু জিনিসের প্রয়োজনীয়তা আছে, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধার অপ্রতুলতা রয়েছে। অ্যাকাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কারসহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শিগগির বিসিবির মাধ্যমে সরবরাহ করা হবে বলে তিনি জানান।
এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিসিবির পরিচালক হাসানুজ্জামান, জিডির সদস্য সচিব আরমানুল ইসলাম ও ক্রিকেট কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।
ভোরের আকাশ/তা.কা