গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল দুই নারীর

গাইবান্ধার সাঘাটায় উপজেলায় মোটরসাইকেল সংঘর্ষে সাবিনা বেগম (৪০) ও গোবিন্দগঞ্জ উপজেলায় শেফালী বেগম (৩৫) নামের দুই নারী নিহত হয়েছেন।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলের দিকে দুই উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা বেগম সাঘাটার চিনিরপটল গ্রামের শাহ আলমের স্ত্রী ও শেফালী বেগম গোবিন্দগঞ্জ উপজেলার রেজাউল করিমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে সাবিনা বেগম ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য ক্রয় করতে অটোভ্যানযোগে রওনা হন। পথিমধ্যে সাঘাটা-চিনিরপটল সড়কে ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে ইদ্রিস আলী মাষ্টারের বাড়ির মোড় নামক স্থানে পৌঁছায়। এসময় দ্রুতগামী মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রী সাবিনা বেগম নিহত হয়েছেন। এতে মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম নামের আশা এনজিও কর্মী গুরুতর আহত হন।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে যাওয়া হয়। নিহত সাবিনার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। আহত মাহমুদুল ইসলামকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে, বিকেলের দিকে রেজাউল করিম তার গর্ভবর্তী স্ত্রী শেফালী বেগমকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটা নামক স্থানে পৌঁছায়। এসময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শেফালী বেগম মারা যান। এসময় থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনা স্থান থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/তা.কা