ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় ৩ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিল মামুদপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় রুবাইয়া (৩) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে রুবাইয়া পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে চাচা রানা শেখ (২২) ও চাচি ইভার সঙ্গে একই কক্ষে ঘুমাতে যায়। রাত ১০টার দিকে ঘুমের মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিলে তার চাচি শিশুটির পরনের প্যান্ট পরিবর্তন করে দেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, পরে রাত আনুমানিক ১২টার দিকে চাচা ও চাচি বাইরে থেকে ফিরে এসে শিশুটির পাশেই ঘুমিয়ে পড়েন।
সোমবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে চাচি রুবাইয়ার মাথার নিচে বালিশ দিতে গিয়ে দেখতে পান, শিশুটির শরীর শক্ত হয়ে গেছে এবং সে কোনো সাড়া দিচ্ছে না। বিষয়টি দ্রুত পরিবারের সদস্যদের জানানো হলে তারা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/জেআ