স্বপ্ন জয়ের পথে ১০৭ কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। সাফল্যের স্বীকৃতি, ভবিষ্যতের স্বপ্ন দেখার অনুপ্রেরণা এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠানের।
রোববার সকালে জেলা সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি ও সাহিত্যিক বিম্বজিৎ চৌধুরী, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহফুজ রাসেল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যো হ্লা মং।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যৎ জীবনে আরও বড় স্বপ্ন দেখার পাশাপাশি নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আয়োজকেরা জানান, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই শিক্ষার্থীদের সাফল্যের শেষ ধাপ নয়। এই সাফল্যকে ভিত্তি করে ভবিষ্যতে নিজেদের আরও দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে এমন স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং সমাজ ও দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে তাদের অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রথম আলোর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জয়ন্তী দেওয়ান।
ভোরের আকাশ/ এনউব