পিরোজপুরে প্রতিমা ভাঙচুর ও মৎস্য কেন্দ্রে ডাকাতির ঘটনায় দোষীদের বিচারের দাবি ছাত্রদলের

পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও মালামাল চুরির ঘটনা এবং পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে সংঘটিত ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছে দোষীদের বিচারের দাবি জানিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।
শনিবার ভোরে পৌর শ্মশানের কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও মালামাল চুরির ঘটনা ঘটে। এছাড়া দুই দিন আগে পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার(১ জুন)বিকেলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থল দুটি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার করব। সন্ত্রাসীদের বিরুদ্ধে পিরোজপুর জেলা ছাত্রদল সব সময় তৎপর রয়েছে।
পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, সাধারণ মানুষের পাশে ছাত্রদল সবসময় ছিল, আছে এবং থাকবে। যেকোনো বিপদ-আপদে আমরা মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এ ধরনের ঘটনা কোনক্রমেই মেনে নেওয়ার মতো নয়। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো দ্রুত ঘটনার সত্যতা উদঘাটন করে দোষীদের গ্রেফতার করা হোক।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলমান রয়েছে।
ভোরের আকাশ/এনউব