ব্রাহ্মণবাড়িয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিভর্তি বালতিতে পড়ে রায়ান মিয়া (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯ টার দিকে আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রায়ান দেবগ্রাম গ্রামের মো. সাত্তার মিয়ার ছেলে। সকালে ঘরে রাখা পানিভর্তি একটি বালতির মধ্যে শিশুটি পড়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
শিশুর চাচা মহসিন মিয়া জানান, ঘরের ভেতরে পানিভর্তি বালতি রাখা ছিল। অসাবধানতাবশত শিশুটি বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও আর বাঁচানো যায়নি।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ভোরের আকাশ/ র.ই