শ্রীপুরে ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির সদস্য সচিব বেলাল হোসেন বেপারীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রীপুর উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় এবং দুটি পৌরসভা এলাকায় বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ২২ কোটি টাকা। সকল প্রক্রিয়া শেষে ঠিকাদাররা কাজ শুরু করেছে। আগামী বর্ষার আগেই এসব কাজ দৃশ্যমান হবে।এতে করে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ইউনিব্লক দিয়ে শিমলাপাড়া-বড়বাইদ সড়ক উন্নয়ন, ধনুয়া-মাওনা বাজার সড়ক মেরামত, মাওনা চৌরাস্তা-উজিলাব সড়ক মেরামত, মাওনা বাজার-গাজীপুর বাজার সড়ক মেরামত, ফাউগাঁও কালীঘাট বাজার সড়ক মেরামত, গোসিংগা বাউনি বাজার-ইজ্জতপুর সড়ক মেরামত এবং শ্রীপুর আনসার রোডের সড়ক মেরামত।
ভোরের আকাশ/এসএইচ