সাতকানিয়া
বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার র্ধমপুর এলাকায় বসতবাড়িতে সশস্ত্র হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (০৩ এপ্রিল) কেরানীহাটের সী ওয়ার্ড রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ শাহ আলম।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ০২ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে তিনি ও তার দুই ভাই ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে থাকাকালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের বসতবাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে শুধুমাত্র নারী সদস্যরা অবস্থান করছিলেন।
অভিযোগে বলা হয়, সাতকানিয়া উপজেলার ধর্মপুর চাঁন্দারপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পরিকল্পিতভাবে এই হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ফরিদ মিয়া, ভোলা চক্রবর্তী, আশিক, শহিদ উদ্দিন, সুমন, হানিফ, সাজ্জাদ, মামুন, আমির হোসেন, ফয়সাল, দেলোয়ার, আবদুল মন্নান, ইফতেখার ও মিজানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বাড়িতে প্রবেশের আগে আশপাশের ঘরগুলো বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়, যাতে কেউ এগিয়ে এসে বাধা দিতে না পারে। পরে তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ ১ লক্ষ টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এসময় হামলাকারীরা তার বড় ভাই আকতার আহমদের স্ত্রী মরিয়ম বেগম এবং ছোট ভাই মোরশেদ আলমের স্ত্রী তাহলিমা আক্তারকে মারধর করে গুরুতর আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এই ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
ভোরের আকাশ/ র.ই