দিনাজপুরের বিরলে বিজিবির নতুন ‘মৌচোষা’ বিওপি উদ্বোধন

দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্ত সুরক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় সীমান্তবর্তী মৌচোষা এলাকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর ২১তম ‘মৌচোষা’ বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপির কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি প্রতিকূল পরিবেশেও দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের চোরাচালান বা দুষ্কৃতিকারী কার্যক্রম যাতে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেল পাচার প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজিবি সূত্র জানায়, দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখার নিকটবর্তী এলাকায় মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কৌশলগত গুরুত্ব বিবেচনায় নতুন এই ‘মৌচোষা’ বিওপি স্থাপন করা হয়েছে।
নবসৃজিত বিওপিটি চালু হওয়ার ফলে দিনাজপুর ব্যাটালিয়নের প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আস্থার পরিবেশও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ভোরের আকাশ/এসএইচ