রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় গাড়িচালক নিহত, আহত ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে বেপরোয়া গতিতে চলা ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (নাম) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান নামে ডাম্প ট্রাকের এক হেলপার আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নূর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এস অ্যান্ড বি ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বালুবাহী ১০ চাকার ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ডাম্প ট্রাকের চালক ঘুমিয়ে ছিলেন এবং হেলপার রায়হান গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।
একপর্যায়ে নূর পাম্প থেকে প্রায় ৫০০ মিটার দূরে এস অ্যান্ড বি ভাটার সামনে দ্রুতগতির ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা চালক শরিফুল ইসলাম ও হেলপার রায়হান গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রায়হান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা