র্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। র্যাব-১১ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/সু.পা