কসবায় পারিবারিক কলহে আইনজীবীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার পথ বেছে নিলেন জনৈক আইনজীবী।
সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার শাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। অ্যাডভোকেট মনোয়ার হোসেন দীপু (৩৬) শাহপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।
তিনি ব্রাহ্মণাবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার সকালে উপজেলার শাহপুর গ্রামের নিজ বাড়িতে ঘরের তীরের সাথে গামছা বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন।
পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায় কসবা থানা পুলিশ। তিনি কসবা পৌর ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
তাঁর মৃত্যুতে পরিবার, গ্রামবাসী ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কসবা থানা অফিসার ইনচার্জ আলী মুহম্মাদ রাশেদ জানান, পৌরসভার শাহপুর গ্রামে একজন আইনজীবী পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/র.ই