পিরোজপুরে সাবেক সংসদ সদস্যের বাসায় ডাকাতি

পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারের বাড়ির ২ ভাড়াটিয়ার বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৩ টার দিকে রান্না ঘরের গ্রিল ভেঙে ভাড়াটিয়া অ্যাডভোকেট স্বপন কুমার ও সাংবাদিক গৌতম নারায়ণ রায় চৌধুরীর বাসায় ঢুকে ডাকাতি করে ডাকাত দল।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে রান্না ঘরের গ্রিল ভেঙে ৪-৫ জন বাসায় প্রবেশ করে সবাইকে হাত পা বেঁধে ১১ ভরি স্বর্ণালংকার নগদ আড়াই লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় ডাকাত দল। এ সময় তারা ডাক চিৎকার না করা ও লোক বলাবলি না করার জন্য হুমকি দিয়ে যায়।
ভুক্তভোগী অ্যাডভোকেট স্বপন কুমার এর স্ত্রী বাসনা রানী জানান, শেষ রাতে রান্নাঘরের গ্রিল ভেঙে ঘরে ঢুকে আমাকেও আমার স্বামীকে ও আমাকে হাত পা মুখ বেঁধে ফেলে ডাকাত দল। পরে আলমিরা থেকে ১১ ভরি স্বর্ণালংকার নগদ আড়াই লাখ টাকা, একটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ব্যাগ নিয়ে যায় ডাকাত দল। পরে আমাদের পার্শ্ববর্তী ভাড়াটিয়া গৌতম চৌধুরীর বাসা ডাকাতি করে ডাকাত দল।
পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, পিরোজপুরের পালপাড়া এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/জাআ