আদমদীঘিতে তাঁতী দলের নেতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মের দায়ে বিএনপি নেতা বহিষ্কার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে তাঁতী দলের এক নেতাকে মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে পৌর বিএনপির সদস্য রাজীব খান রানাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হযেছে।
রোববার সান্তাহার পৌর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বেলা হয়, গত ২৮ নভেম্বর বেলা ১১টার দিকে সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে রানার বিরুদ্ধে।
এছাড়াও বিভিন্ন অপকর্মে জড়িত থেকে দলের নাম ভাঙিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং সব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশীদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের বিষয়ে জানতে চেয়ে রাজিব খান রানার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।
ভোরের আকাশ/এফএ