রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় দায়ের করা একটি আলোচিত গণধর্ষণ মামলার পলাতক আসামি সাইফুল ইসলাম (২৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সাইফুল রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন ধলিয়া মুসলিমপাড়া এলাকার বাসিন্দা এবং মো. ছাবেরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৪ মে বিকেলে এক তরুণী বাড়ির নিকটবর্তী এলাকা থেকে ছাগল আনতে গেলে অভিযুক্তদের একজন তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তার সহযোগীদের ডেকে এনে কয়েকজন মিলে ওই তরুণীর ওপর যৌন নির্যাতন চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন পর তিনি তার মায়ের কাছে পুরো ঘটনার বর্ণনা দেন। পরে তার বাবা বাদী হয়ে ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি সাইফুলকে বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই