নৈরাজ্যের প্রতিবাদে ৩০ নভেম্বর বিএনপির বিক্ষোভ

আগামী ৩০ নভেম্বর দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঐক্যবদ্ধভাবে সরকারবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করার পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
২৮ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসভবনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী।
সভায় মুঠোফোনে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম স্বপন, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল আলম শিপনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় আগামী ৩০ নভেম্বরের বিক্ষোভ মিছিল সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য বজায় রেখে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভোরের আকাশ/ এনউব