নড়াইলে ঝড়ে স্কুলের ওপর গাছ পড়ে দুই শিশু শিক্ষার্থী আহত

নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকায় ঝড়ে একটি নারিকেল গাছ ভেঙে কিন্ডারগার্টেন স্কুল ভবনের উপর পড়ে দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলো ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে সিয়াম শেখ (১১) এবং রামনগর গ্রামের জহির শেখের ছেলে মাজেদুল ইসলাম (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছোট কালিয়া এলাকার শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় স্কুল প্রাঙ্গণের পাশে থাকা একটি ঝুঁকিপূর্ণ পুরনো নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের উপর পড়ে। এ সময় শ্রেণিকক্ষে থাকা দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্কুলের শিক্ষক ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।আহতদের চিকিৎসায় কোনো গাফিলতি পাওয়া গেলে স্কুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
শামসুন্নাহার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মুরাদ আলী সিকদার জানান, স্কুলে ক্লাস চলাকালীন ঝড়ো হাওয়া শুরু হলে স্কুল প্রাঙ্গণের পাশে থাকা একটি নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের উপর পড়লে দুই শিশু শিক্ষার্থী আহত হয়।তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই