মহান মে দিবস উপলক্ষে সিরাজগঞ্জে র্যালি ও আলোচনা সভা

মহান মে দিবস ও শ্রমিক দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জ পৌর শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়, র্যালিটি শহরের মুজিব সড়ক, বাজার স্টেশন কড়িতলা, এসএস রোড প্রদক্ষিণ করে মতি সাহেবের ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে বিপুল সংখ্যক শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এর আগে কলেজ মাঠে শহরের বিভিন্ন এলাকা থেকে রিকশা-ভ্যান শ্রমিক, ইমারত শ্রমিক, ট্রাক-বাস, সিএনজিসহ বিভিন্ন পেশার শ্রমিকেরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সভাপতি, হাজী মোঃ আব্দুর সাত্তার।
এ সময় হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা নানা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিক শ্রেণির ন্যায্য অধিকার আদায়ের রক্তঝরা ইতিহাস ও সংগ্রামের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে জনপ্রিয় সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।
ভোরের আকাশ/এসএইচ