কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদ এবং বিভিন্ন স্থানে কৃষকদল নেতাদের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর শহরে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু।
এতে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে বিভিন্ন স্থানে কৃষকদল নেতাদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভোরের আকাশ/জেআ