গভর্নরের বিদায় নিয়ে ‘কিছুই বলার নেই’ অর্থমন্ত্রীর

কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর পরিবর্তন নিয়ে চলমান উত্তাপের বিষয়ে মুখ খুলতে রাজি হননি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সদ্য বিদায়ী গভর্নরের বিদায় এবং নতুন গভর্নর নিয়োগ সম্পর্কিত সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি বারবার বলেন, “কিছুই বলার নেই।”
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে নতুন গভর্নর মোস্তাকুর রহমান-এর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন বিকেল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন নতুন গভর্নর। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে গভর্নর ও অর্থমন্ত্রী বের হয়ে যান। যাওয়ার সময় সাংবাদিকরা গভর্নরের সঙ্গে কথা বলতে চাইলেও গভর্নর কোনো কথা বলেননি।
এরপর সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে গভর্নর বিদায় ও নতুন গভর্নর নিয়োগ নিয়ে জানতে চান। উত্তরে অর্থমন্ত্রী বলেন, কিছুই বলার নেই।
এরপর সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় গভর্নরকে এভাবে বিদায় দেওয়ার দরকার ছিল? এর উত্তরেও আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছুই বলার নেই।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- বিদায়টি কি সঠিক হয়েছে? উত্তরে অর্থমন্ত্রী আবারও বলেন, কিছুই বলার নেই।
ভোরের আকাশ/এনএস