চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তার ওপর হামলা

চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কচুয়া থানার এএসআই শহিদুল ইসলাম। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী-বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার একটি পুলিশ দল আইনগিরী-বাতাবাড়িয়া গ্রামের দিদার হোসেনের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান শেষে বের হওয়ার সময় সন্দেহভাজনদের ধাওয়া করলে পুলিশের এএসআই শহিদুল ইসলামের মাথায় আঘাত করা হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
হামলাকারীর বাবা স্বীকারোক্তির সুরে জানান, মাদকের লেনদেনের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে এবং পুলিশ সদস্য আহত হন।
স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী বলেন, মাদক ব্যবসায়ীদের তালিকা দেওয়ার পরও কার্যকর পদক্ষেপের অভাব এবং জামিনে মুক্ত হয়ে আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ তুলে সঠিক বিচার ও মাদকমুক্ত এলাকা দাবি করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/আ.র