প্রধানমন্ত্রীর সহায়তায় স্বস্তি পেলেন দুস্থরা : সাকিলা ফারজানা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র, দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার লালিয়ারহাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।
অনুষ্ঠানে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর জন্য সরকারের বিভিন্ন মানবিক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়। নগদ সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি বলেন, বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানা ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডি এবং বিভিন্ন আর্থিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে লাখো মানুষ উপকৃত হচ্ছেন।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো কোনো মানুষ যেন অভাব-অনটনের কারণে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন।”
এমপি সাকিলা ফারজানা আরও বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ, মহামারি কিংবা অর্থনৈতিক সংকট—যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে নিম্নআয়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে এবং ঈদের প্রয়োজনীয় ব্যয় মেটাতে সহায়ক ভূমিকা রাখবে।
নগদ অর্থ সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এমন সময়ে সরকারের এই সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেশের বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় হাটহাজারীতেও এ সহায়তা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ভোরের আকাশ/ র.ই