ফুলপুরে মসজিদের ইমামকে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর থানার আলোচিত মসজিদের ভেতরে ইমামকে মারধর এবং পরবর্তীতে এলাকাবাসীর মানববন্ধনের ঘটনায় জড়িত মামলার অন্যতম আসামি মোঃ কাউসার মিয়া (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন চকপাড়াস্থ খাইরুল মাস্টারের বাড়িতে এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাউসার মিয়া ফুলপুর থানার ভাইটকান্দি (পূর্বপাড়া) গ্রামের মোঃ সারোয়ার আলমের ছেলে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলপুর থানাধীন ভাইটকান্দি পূর্ব পাড়া মসজিদের ভেতরে প্রবেশ করে ইমাম হাফেজ মাওলানা আল আমিনকে মারধর করে আসামিরা। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভাইটকান্দি সাখল্য মোড়ে স্থানীয় এলাকাবাসী এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি আভিযানিক দল নালিতাবাড়ীর চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে ফুলপুর থানার নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা