রামদাসপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্তে ৬ জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত পিলার ২১৬/এমপি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর ক্যাম্পের সদস্যরা ওই ৬ জনকে জোরপূর্বক সীমান্ত পার করার চেষ্টা করে।
এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান: সংবাদ পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত করে। বর্তমানে তাদের বাংলাদেশে প্রবেশে কঠোর বাধা দেওয়া হয়েছে এবং ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি আরও জানায়, পুশ-ইনের চেষ্টায় থাকা ব্যক্তিরা বর্তমানে ভারতীয় অংশে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির নজরদারি জোরদার রাখা হয়েছে।
ভোরের আকাশ/রই