রায়গঞ্জে তামাক আইন বাস্তবায়নে প্রশিক্ষণ

তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত ২০১৩) বাস্তবায়নে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, “তামাক মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য গুরুতর হুমকি। আইন বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, রায়গঞ্জ থানার ওসি কে. এম. মাসুদ রানা, সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফারিহা তাসমিন, বিএডিসির সহকারী প্রকৌশলী আনন্দ চন্দ্র বর্মণ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক প্রকৌশলী মেহেদী হাসান।
প্রশিক্ষণে ডা. ফারিহা তাসমিন তামাকের ক্ষতি, জরিমানার বিধান, নিষিদ্ধ এলাকা চিহ্নিতকরণ ও মাঠপর্যায়ে আইন প্রয়োগের কৌশল বিষয়ে দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণে সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মিলিয়ে ৫০ জনেরও বেশি অংশ নেন। শেষে কর্মকর্তারা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বিত ও দৃঢ় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/জাআ