নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় চার বছরের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. আব্দুল্লাহ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মগঞ্জ এলাকার চালক মো. সাগর (৩০) বেপরোয়া গতিতে ইজিবাইকটি চালিয়ে যাওয়ার সময় শিশু আব্দুল্লাহকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই চালক শিশুটিকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেন ও নাদিরা বেগমের ছেলে। সে বর্তমানে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় বাবা মায়ের সঙ্গে ভাড়া থাকতো।
পরে খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. ইয়াসিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, নিহত শিশু আব্দুল্লার পরিবার এ ঘটনায় মামলা করতে রাজি না হওয়ায় হাসপাতাল থেকে মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/মো.আ.