দিনাজপুরে দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ দিনাজপুর পৌর শহরের ঐতিহাসিক মহারাজা স্কুল মাঠে নির্মিত মডেল মসজিদ মুসল্লীদের নামাজ আদায়ের জন্য আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এই তথ্য দৈনিক ভোরের আকাশকে নিশ্চিত করেন।
মডেল মসজিদ উদ্বোধনের পর পবিত্র জুমার নামাজ শেষে প্রধান অতিথি’র বক্তব্যে সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুর শহরের ঐতিহাসিক মহারাজা স্কুল মাঠে নবনির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদটি আনুষ্ঠানিকভাবে মুসল্লীদের নামাজ আদায়ের জন্য উদ্বোধন করা হলো। এখন থেকে এই মসজিদে নিয়মিত শহরের ধর্মপ্রাণ মুসল্লীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।
তিনি বলেন, মডেল মসজিদটি নির্মাণ কাজে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় নতুন করে অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করতে বিলম্ব হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ায় আজ মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর এই উদ্বোধনের মধ্যদিয়ে আজ থেকেই মসজিদটিতে প্রথম জুমার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত ইবাদত-বন্দেগি শুরু হয়েছে। স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এই নান্দনিক মডেল মসজিদটি ইতোমধ্যে শহরবাসীর নজর কেড়েছে। মডেল মসজিদ নির্মাণ আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি ব্যবহারে উন্নত প্রযুক্তির সংযোজনে টেকসই ও মজবুত ভিত্তিতে নির্মাণ করা হয়েছে।
দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান দৈনিক ভোরের আকাশকে জানান, এই মডেল মসজিদে নামাজের ব্যবস্থা, ধর্মীয় লাইব্রেরি, বৈঠকের জন্য হল রুম, জেলা ইসলামী ফাউন্ডেশনের দপ্তরসহ অন্যান্য সুযোগ সুবিধা এবং মসুল্লিদের ধর্মীয় কাজ করার ব্যবস্থা রাখা হয়েছে। মডেল মসজিদটি নির্মাণে প্রায় ১৬ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
জানা গেছে, মসজিদের উদ্বোধনী দিনে উৎসব মুখর ও ধর্মীয় আচার-আচরণের মধ্যদিয়ে বিপুল সংখ্যক মুসল্লী মসজিদে নামাজ আদায় করেছেন।
ভোরের আকাশ/আ.র