পাথরঘাটায় অটোচালক নিখোঁজ: ২ জনকে আটক করে থানায় হস্তান্তর

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে এক অটোচালক নিখোঁজ হওয়ার ঘটনার পর স্থানীয় জনতা দুই ব্যক্তিকে আটক করে পাথরঘাটা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১১টার পর থেকে কাকচিড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. আনোয়ার হাওলাদার (৪০) নামের এক অটোচালক অটোসহ নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আনোয়ারকে খুঁজতে থাকে।
পরে সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টার পর একই এলাকার শ্যামলের কাছ থেকে নিখোঁজ অটো উদ্ধার করা হয়। শ্যামলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তিনি কালমেঘার মো. নাজমুল (২৭) থেকে ৮০ হাজার টাকায় অটো ক্রয় করেছেন।
এরপর দুপুরে স্থানীয় জনতা নাজমুলকে আটক করে আনোয়ারের বিষয়টি জানার চেষ্টা করে। নাজমুল কোন সঠিক ব্যাখ্যা দিতে না পারায় তার সঙ্গে থাকা সহযোগী মো. হোসেনকেও আটক করা হয়। পরে উভয়কে স্থানীয় জনতা থানা পুলিশের হাতে হস্তান্তর করে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, "বর্তমানে দুইজন অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনার সাথে সংশ্লিষ্ট আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিখোঁজ অটোচালককে উদ্ধারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।"
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। তারা দাবি করেছেন, অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে থানার তৎপরতা বৃদ্ধি করা হোক।
ভোরের আকাশ/জাআ