পূজামণ্ডপে বিতর্কের ঝড় নিয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করলেন হুইপ নিজান

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র বিতর্ক ও জনঅসন্তোষের মুখে অবশেষে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান। বক্তব্যের অনাকাঙ্ক্ষিত ও ধর্মীয় সংবেদনশীল অংশটির জন্য মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বর্তমানে পবিত্র ওমরাহ পালন উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মদীনায় অবস্থান করছেন এই সংসদ সদস্য। সেখান থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যাম তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই আনুষ্ঠানিক বার্তা পাঠান।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, শারদীয় দুর্গোৎসবের দিনগুলোতে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান রামগতি ও কমলনগরের পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা জানাতে একাধিক পূজামণ্ডপ সফর করেন।
পরিদর্শনকালে বিভিন্ন স্থানে আয়োজিত সুধী সমাবেশ ও ভক্তদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন। তবে একটি মণ্ডপে দেওয়া তাঁর ভাষণের কিছু অংশ এবং সুনির্দিষ্ট কয়েকটি বাক্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও এবং অডিও ক্লিপগুলো ভাইরাল হওয়ার পর দেখা যায়, বক্তব্যের একটি বিশেষ অংশ নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নানা বিতর্ক তৈরি হয়।
এর জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মাধ্যমে নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেন। বিষয়টি নিয়ে সংসদ সদস্যের নির্বাচনী এলাকা রামগতি ও কমলনগরের সচেতন নাগরিক সমাজ, ধর্মীয় শিক্ষক, তরুণ সমাজ এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বিষয়টি নিয়ে সমালোচনা করা হচ্ছিল।
সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া এই উত্তাপের বিষয়ে দ্রুত অবহিত হন হুইপ আশরাফ উদ্দিন নিজান। পরিস্থিতি অনুধাবন করে তিনি পবিত্র ওমরাহ পালনকালে মদীনা শরীফ থেকে দূরবর্তী বার্তার মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে তাঁর অবস্থান পরিষ্কার করেন এবং সার্বিক বিষয়ে অনুশোচনা ব্যক্ত করেন।
বিবৃতিতে তিনি বিশেষ করে তাঁর নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর)-এর রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সচেতন তরুণ-তরুণী, বিরোধী দলগুলোর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করেন।
বিবৃতিতে নিজের ভুল বা অসাবধানতাবশত ঘটে যাওয়া বিষয়ের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান হুইপ নিজান।
তিনি লেখেন:"শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে আমার বক্তব্যের কিছু অংশের কয়েকটি বাক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আপনারা অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ এর রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, তরুণ-তরুণীরা, আমার বিপক্ষ দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীগণদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—আমার বক্তব্যের যে অংশটুকু আসলে ধর্মীয়ভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়, সে অংশটুকুর জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দুঃখ প্রকাশ করছি।"
ধর্মীয় সংবেদনশীল এই বিষয়টি ফয়সালা করার পাশাপাশি পবিত্র নগরী মদীনা থেকে নিজের ঈমানী দৃঢ়তা ও জনগণের সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই সংসদ সদস্য।
বিবৃতির শেষাংশে অনুশোচনা ও দোয়ার আকুতি জানিয়ে তিনি বলেন:"আমি বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদীনায় অবস্থান করছি। এই পবিত্র স্থানে এসে আমি কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন আমার ঈমানকে আরও সুদৃঢ় ও মজবুত করেন। মহান আল্লাহ যেন আমাকে সকলের কল্যাণে সর্বদা নিয়োজিত রাখেন—আপনাদের কাছে সে দোয়াই চাই। সকলকে ধন্যবাদ।"
সংসদ সদস্য ও হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজানের এই ইতিবাচক ও বিনীত অবস্থানের পর রামগতি ও কমলনগর উপজেলার স্থানীয় সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও সুশীল সমাজের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
ভোরের আকাশ/ এনউব