বিআরটিএ ফেসবুক পেজে শেখ মুজিবুর রহমানের ছবি ও নাম, জনমনে অসন্তোষ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী জেলার ফেসবুক পেজে পুরোনো কভার ফটো ও ছবি নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট পেজে নিয়মিত কার্যক্রমের ছবি প্রকাশ করা হলেও দীর্ঘদিন ধরে থাকা একটি কভার ফটো পরিবর্তন না করায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, বিআরটিএ নীলফামারী জেলার ফেসবুক পেজের কভার ফটোতে ২০২১ সালের ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি শোভাযাত্রার ছবি রয়েছে। ছবিটি ২০২১ সালের ৩০ মার্চ কভার ফটো হিসেবে যুক্ত করা হয় বলে পেজের তথ্য থেকে জানা যায়।
এদিকে, সম্প্রতি পেজটির প্রোফাইল ছবি পরিবর্তন করা হলেও কভার ফটো অপরিবর্তিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানের ডিজিটাল প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে পুরোনো কনটেন্ট থাকার বিষয়টি সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করে।
এ বিষয়ে নীলফামারী জেলা বিআরটিএ অফিসের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) এস এম মাহবুবুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পেজে এক্সেস পাচ্ছিলাম না। তাই সংশোধন করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার এক্সেস ফিরে পাওয়ার পর প্রোফাইল ছবি পরিবর্তন করা হয়েছে।”
কভার ফটো পরিবর্তন না করার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি দেখছেন বলে জানান। পরে দ্রুত কভার ফটো পরিবর্তন করা হয়।
তবে পেজ পরিচালনার বিষয়ে প্রশ্ন তুলে অনেকে বলছেন, যদি দীর্ঘদিন এক্সেস না থাকার বিষয়টি সত্য হয়, তাহলে নিয়মিত পোস্ট প্রকাশ ও প্রোফাইল ছবি পরিবর্তনের বিষয়টি নিয়েও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।
ভোরের আকাশ/সু.পা