গৌরীপুরে জলপাইয়ের বাম্পার ফলনেও নেই কৃষকের মুখে হাঁসি

টক, মিষ্টি জলপাইয়ে প্রসিদ্ধ ময়মনসিংহের গৌরীপুর। এবার বাম্পার ফলন হয়েছে।
উৎপাদন বাড়লেও বাজারে নেই কাঙ্খিত চাহিদা এবং ক্রেতা। দেশিয় একাধিক আচার কোম্পানী অন্যবছর আগাম ক্রয় করলেও এবার তারা জলপাই নিচ্ছেন না।
সিলেটের একাধিক ব্যবসায়ী লন্ডন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রক্রিয়াজাত করে যে রপ্তানি করতো তাও বন্ধ। প্রতি কেজি জলপাই ৫ টাকা থেকে ৮টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ফলে বাম্পার ফলনেও হাঁসি নেই কৃষকের মুখে। পুঁজি হারাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও।
এ প্রসঙ্গে ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুবক্কর সিদ্দিক জানান, ৩টি গাছ থেকে ৭মন জলপাই বাজারে এনে ১হাজার ৬৮০টাকা বিক্রি করেন। এ জলপাইয়ের জন্য শ্রমিককে দিতে হয়েছে ৪শ টাকা আর রিকশা ভাড়া ১৫০টাকা। গত বছর প্রতি কেজি জলপাই গাছের নিচেই ২০-২৫টাকা কেজি বিক্রি করেছি।
স্থানীয় পাইকাররা গাছ থেকেই জলপাই নিয়ে আসছে। এবার সব ‘লস।’ মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের ফজলুল হক জানান, তিনি প্রতি কেজি জলপাই ৮টাকা ধরে বিক্রি করেছেন। সাতুতী গ্রামের আবুল হাসিম জানান, প্রতি কেজি জলপাই ৫টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে। একই গ্রামের আজিজুর রহমান জানান, তিনি ১২৫ কেজি জলপাই ৭শ টাকায় বিক্রি করেছেন।
উপজেলা কৃষি অফিসার মো. এহসানুল হক জানান, জলপাইয়ের খোসায় রয়েছে প্রচুর আঁশ, যা খাবার হজমে সাহায্য করে। প্রতি ১০০ গ্রাম জলপাইয়ে খাদ্যশক্তি ৭০ কিলোক্যালরি, ৯ দশমিক ৭ শর্করা, ৫৯ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১৩ মিলিগ্রাম ভিটামিন-সি আছে।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কাওছার আহম্মদ খান, এ উপজেলায় প্রায় ২১০একর জমিতে জলপাইয়ের বাগান রয়েছে। গাছের পরিমাণ প্রায় ৩৭হাজার। প্রতিটি গাছে গড়ে ২০০ কেজি করে হলে ৭ হাজার ৪শ টন জলপাই এ মৌসুমে উৎপাদিত হয়েছে।
৩৮ বছর ধরে জলপাইয়ের ব্যবসা করছেন মো. শহিদুল ইসলাম। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার মৃত গোলাম হোসেন মেম্বারের পুত্র। তিনি জানান, এ বছর জলপাইয়ের দাম খুব কম। বাজারে চাহিদা নেই। ৬ থেকে থেকে ৮/১০টাকা কেজিতে জলপাই কিনতেছি। তেলের দাম বাড়ায় গাড়ি ভাড়া বেড়েছে, শ্রমিকের মজুরি বেড়েছে। ১৬দিনে সিলেটে জলপাই পাঠিয়ে এবার ৭৭হাজার টাকা লোকশান।
জলপাইয়ের কিছু গাছ মৌসুমের শুরুতে কিনেছিলাম। বিক্রি না করলে পুঁজি শতভাগ শেষে হয়ে যাবে। বোকাইনগর ইউনিয়নের মামুদনগরের জহুর আলীর পুত্র আব্দুল আলী জানান, তার ব্যবসার বয়স অর্ধশত বছর পেরিয়েছে। প্রতিটি গাছে এতো জলপাই এর আগে কখনও দেখেন নাই। বাজারে দাম কম।
স্থানীয় ব্যবসায়ী ঈশ্বরগঞ্জের মৃত হাফিজ উদ্দিনের পুত্র নুরুল হক জানান, বাজারে জলপাই এখন ১০-১২টাকা কেজি আড়তে বিক্রি হচ্ছে। তাই এবার পুঁজি থাকবে না।
ঈশ্বরগঞ্জের চরহোসেনপুরের মতিউর রহমানের পুত্র ইসমাহিল হোসেন জানান, প্রতিদিন জলপাই পাঠাচ্ছি সিলেট ও চট্টগ্রামে। কিছু জলপাই যায় রাজধানী শহর ঢাকায়। সিলেটের জলপাই বিভিন্ন আচার কোম্পানী ও প্রক্রিয়াজাত করে মালয়েশিয়া এবং লন্ডনে যেতো। এবার তার কেউ জলপাই কিনতে না, তাই বাজারে ধস নেমেছে।
এ দিকে গৌরীপুর মধ্যবাজারে খুচরা বিক্রেতা ফজলুল হক জানান, তিনি প্রতি কেজি ৩০-৪০টাকা দরে বিক্রি করছেন। প্রতি কেজি ১৫টাকায় কেনা। নষ্ট হয় তাই কাঁচামাল অর্ধেক লাভেই বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, আমরা তো আড়ৎ থেকেই দ্বিগুন দামে কিনতে হয়। উত্তর বাজারের আজিজুল হক জানান, আধা কেজি কিনেছি ২০টাকা নিলো। সেখানে কৃষক পেলো ৪-৫ টাকা। মাঝে যারা আছেন তারাই জলপাইয়ের মধু খাচ্ছে। গোলকপুর গ্রামের রেজিয়া খাতুন জানান, জলপাইয়ের আচার সুস্বাদু। ৫ কেজি নিয়েছি ১৫০টাকায়। পৌর শহরের অন্যতম
আড়ৎদার আলতাব হোসেন খান জানান, পরিবহন খরচের সাথে বাজারে পণ্যের দাম বাড়ার কথা, কিন্তু জলপাইয়ের দাম কমছে। তাই এবছর ব্যবসায়ীরা পুঁজি হারাবে।
এছাড়াও জলপাইয়ে নিয়মিত জলপাই খেলে গ্যাস্ট্রিক-আলসার কম হয়। বিপাকক্রিয়া ঠিকভাবে হয়। জলপাইয়ের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। যখন কোনো মানুষের রক্তে ক্ষতিকর মুক্ত কণিকা (ফ্রি র্যাডিকেল) ও কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, তখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে।
ফলে জলপাইয়ের তেল হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। কালো জলপাই ভিটামিন-ই-এর বড় উৎস; যা মুক্ত কণিকা ধ্বংস করে। ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। এই ভিটামিন কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয় বলে ক্যানসারের ঝুঁকি কমে।
আরও জানা যায়, কালো জলপাইয়ের তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক ও চুলের যত্নে কাজ করে। জলপাইয়ের তেল চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া মজবুত হয়। এতে চুল পড়ার সমস্যা দূর হয়। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের যে ক্ষতি হয়, তা-ও রোধ করে জলপাই। জলপাইয়ের মনো স্যাচুরেটেড চর্বিতে থাকে প্রদাহবিরোধী উপাদান।
বয়সের কারণে অনেকেরই হাড়ের ক্ষয় হয়। হাড়ের ক্ষয় রোধ করে জলপাই তেল। কালো জলপাই লৌহের বড় উৎস। রক্তের লোহিত কণিকা অক্সিজেন পরিবহন করে। শরীরে লৌহের অভাব হলে অক্সিজেনের অভাব দেখা দেয়। এ কারণে শরীর দুর্বল হয়।
অপরদিকে জলপাইয়ে ভিটামিন-এ পাওয়া যায়। ভিটামিন-এ চোখের জন্য ভালো। যাদের চোখ আলো ও অন্ধকারে সংবেদনশীল, তাঁদের জন্য ওষুধের কাজ করে জলপাই। এ ছাড়া জীবাণুর আক্রমণ, চোখ ওঠা, চোখের পাতায় সংক্রমণজনিত সমস্যা দূর করে এটি। নিয়মিত জলপাই খেলে পিত্তথলির পিত্তরস ঠিকভাবে কাজ করে।
পিত্তথলিতে পাথর হওয়ার প্রবণতা কমে যায়। জলপাই রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। জলপাই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। সর্দি, জ্বর ইত্যাদি দূরে থাকে। রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।
ভোরের আকাশ/রই