চমেসাসের নতুন নেতৃত্বে শহিদ ও হাসনাত

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের (চমেসাস) ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সম্পাদক পদে মুহাম্মদ আবুল হাসনাত নির্বাচিত হয়েছেন। একই নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মাহবুবুল মাওলা রিপন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নগরীর লাভলেইনে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিউল আলম।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোহাম্মদ শহিদুল ইসলাম ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। সহসভাপতি পদে মাহবুবুল মাওলা রিপন ৫৪ ভোট এবং সম্পাদক পদে মুহাম্মদ আবুল হাসনাতও ৫৪ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দিদারুল হক। কার্যনির্বাহী কমিটির দুটি সদস্য পদে এসএম সাইফুদ্দিন তুহিন ৪৭ ভোট এবং মো. আব্দুল করিম ৫১ ভোট পেয়ে জয়লাভ করেন।
সমিতির ছয়টি পদে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালিকাভুক্ত ৭৬ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোট প্রদান করেন।
নির্বাচন উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. শফিউল আলম। সভায় বক্তব্য দেন চমেসাসের সাবেক নেতা ওসমান গণি মনসুর, শামসুল হক হায়দরী ও মোহাম্মদ শাহনওয়াজ। এছাড়া বিএফইউজের নেতা শামসুদ্দিন হারুন ও হোসাইন দিদার বক্তব্য রাখেন।
সভায় আরও বক্তব্য দেন বিদায়ী কমিটির সভাপতি মুস্তফা নঈম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ এবং নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সমবায় কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস ও সাইফুল্লাহ চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তারা বলেন, সমিতির অগ্রগতি এবং সদস্যদের স্বার্থ রক্ষায় সমবায়ের মূলনীতি ও আদর্শকে গুরুত্ব দিতে হবে। সংগঠনের সব সদস্যকে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
ভোরের আকাশ/সু.পা