গাইবান্ধায় চাচাকে গলাকেটে হত্যা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শাহ জামাল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠেছে। তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে এই অভিযোগ। রোববার (১২ জুলাই) সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা। এর আগে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত দুটার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া হাফিজার পাগলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শাহ জামাল মাঝিপাড়া গ্রামের জংলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গেল রাতে শাহ জামাল তার ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। এরই মধ্যে তার মাদকাসক্ত ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র নিয়ে গলায় আঘাত করেন। এতে ঘটনা স্থলে শাহ জামাল মিয়া নিহত হন।
স্বজনরা জানান, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন আগে তার স্ত্রীকেও পা কেটে দিয়েছিলেন। তখন থেকে স্ত্রী ঢাকায় চলে যান। তার এমন আচারণ নিয়ে চাচা শাহ জামাল প্রায়ই শাসন করতেন। এরই ক্ষোভে শাহ জামালকে গলাকেটে হত্যা করেছে ভাতিজা গোলাম হোসেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, 'সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে।
ভোরের আকাশ/ইউএম