সাঘাটায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহাদ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের অন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাহাদ ওই এলাকার জামিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়ির উঠানে খেলছিল রাহাদ। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন বাড়ির চারপাশে খুঁজতে শুরু করেন। পরে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই রাহাদ মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
ভোরের আকাশ/জাআ