মাগুরায় ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামী রাব্বি মণ্ডলকে (৩৫) দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্ত্রী ফারজানা বেগমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর (মুধাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি মণ্ডল ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নিজ ঘরে ঘুমিয়ে থাকা রাব্বি মণ্ডলকে দা দিয়ে গলায় কোপ দেন ফারজানা বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুপার মো. মোল্লা আজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফারজানা বেগমকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তারের সময় হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে ফারজানা জানান, প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরেই তিনি ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করেন বলে পুলিশকে জানিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
ভোরের আকাশ/আ.র