গোপালগঞ্জে ৮ দফা দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ: এমপির বাড়ি ও থানা ভাঙচুর

আট দফা দাবি আদায় ও লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
সর্বশেষ খবর অনুযায়ী, কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে বেলা ১টার দিকে মুকসুদপুর থানায়ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ভাঙচুর চলছিল।
অন্যদিকে, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সড়কে অবস্থান নেন। বিভিন্ন স্লোগান দিয়ে তাঁরা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন।
জানা গেছে, কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিসহ আট দফা দাবি তুলে ধরা হচ্ছে।
এ ছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানীতেও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। কখনো হালকা, আবার কখনো মাঝারি বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছেন।
এসব ঘটনার মধ্যে এখন পর্যন্ত যৌথ বাহিনীর কোনো অভিযান চোখে পড়েনি। তবে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে।
ভোরের আকাশ/সু.পা