রায়পুরে থানা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আটক ২

লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুইপার আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদ এবং চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত শফিউল্লাহর ছেলে লাবিব।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে রায়পুর মার্চেন্টস একাডেমির পেছন থেকে থানা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মুন্সীবাড়ির বাগান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পৌর ছাত্রদলের জিহাদ রহমান, ফাহিমসহ কয়েকজন নেতাকর্মী তাদের আটক করেন।
আটককারীদের দাবি, আটক দুজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তাদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিহাদের নেতৃত্বে পরিচালিত একটি মেসেঞ্জার গ্রুপে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।
এদিকে, ঘটনার পর রায়পুর থানা পুলিশের সদস্যরা থানার পেছনে তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।
তবে আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মেসেঞ্জার গ্রুপে পাওয়া কথিত তথ্য এবং বিস্ফোরণের ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/সু.পা