জয়পুরহাটে স্কুল শিক্ষার্থীকে জেলা পরিষদ প্রশাসকের পাঠ্যপুস্তক সহায়তা

জয়পুরহাট জেলা পরিষদের তহবিল থেকে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোরসালিন মিনহাজকে নতুন পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী মোরসালিন মিনহাজের হাতে নতুন পাঠ্যপুস্তকগুলো তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।
পাঠ্যপুস্তক পাওয়া শিক্ষার্থী মোরসালিন মিনহাজ জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর গ্রামের আনোয়ার হোসেন ও রাজু বেগম দম্পতির ছেলে। সে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী।
বই বিতরণের সময় খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মীর হোসেন এ ধরনের উদ্যোগের প্রশংসা করে জেলা পরিষদ প্রশাসককে ধন্যবাদ জানান। একই সঙ্গে শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এ ধরনের সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ও সুবিধাবঞ্চিত এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা