সালথায় মাদক ও সন্ত্রাস রোধে যুবদলের মতবিনিময় সভা

ফরিদপুরের সালথায় মাদক, সন্ত্রাস ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা যুবদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাওয়াল গ্রামে হাসেম মোল্লার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
হাসেম মোল্লার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইলিয়াস মোল্লা। এতে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর, খোকন মাতুব্বর ও রাসেল শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, উপজেলা কৃষকদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাইল মাতুব্বর, বিএনপি নেতা বাকা মাতুব্বর, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তাঁরা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
সভায় যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা