সাঁথিয়ার মসজিদের ঘটনা নিয়ে মুখ খুলল বিএনপি

পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতি করা নিয়ে সৃষ্ট হট্টগোলের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এর পেছনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম।
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে সাইয়েদ আব্দুল্লাহর ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। অথচ ঘটনার দিন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের লক্ষ্যে পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মসজিদে যাচ্ছেন। আফতাবনগর মসজিদে তিনি মসজিদ কমিটি ও নির্ধারিত ইমামকে উপেক্ষা করে ইমামতি করার চেষ্টা করেন। এতে উপস্থিত অনেক মুসল্লি আপত্তি জানান। এরপরও তিনি ইমামতি করতে আগ্রহী ছিলেন বলে দাবি করে বিএনপি। পাশাপাশি, মসজিদের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার যে অভিযোগ উঠেছে, সেটিকেও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করা হয়।
বিএনপি নেতারা বলেন, দলটি কোনো ধরনের বিভেদে বিশ্বাস করে না। ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে জামায়াতসহ সব রাজনৈতিক দলের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করে সাঁথিয়ার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারা প্রস্তুত।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল রাসেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, মীর নাজমুল বারী নাহিদসহ উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ