সংবাদ প্রচারের পর বরখাস্ত সেই প্রধান শিক্ষক

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঠাকুরগাঁও সদর উপজেলার ৬৬ নম্বর সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেসা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে বিদ্যালয়ে টানা ১৭ দিন জাতীয় পতাকা উত্তোলন না করার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে শিক্ষা বিভাগের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
রংপুর বিভাগের উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত ২ জুলাই ২০২৬ তারিখের এক অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ ( ১) মোতা বিধান অনুযায়ী প্রধান শিক্ষক ওয়ারেসা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, বিদ্যালয়ে টানা ১০ দিন জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সরকারি কর্মচারীর অসদাচরণের শামিল।
সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বর্তমান ঠিকানার বাহিরে গমন অথবা অবস্থান ত্যাগ করতে পারবেন না।
এর আগে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে উঠে আসে, ঠাকুরগাঁও সদর উপজেলার সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সংবাদ প্রচারের পর বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হলেও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত করে বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠায়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছ।