চুরি-ছিনতাইসহ ১৭ মামলার আসামি গ্রেপ্তার সালথায়

ফরিদপুরের সালথায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৭টি মামলার আসামি মো. মিজানুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বড় লক্ষণদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান বড় লক্ষণদিয়া এলাকার মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এসব মামলার একাধিকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বড় লক্ষণদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ এনউব