মেহেরপুরে নেশাজাতীয় সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২ , মেহেরপুর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. রাজু আহমেদ (২৫) ও মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৩)।
র্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় সিপিসি-৩, মেহেরপুরের একটি আভিযানিক দল জীবননগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা নিজ এলাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের মাধ্যমে যুবসমাজকে বিপথে পরিচালিত করছিলেন বলেও জানায় র্যাব।
এ ঘটনায় জীবননগর থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই