দুর্গাপুর সীমান্তে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী সোমবার বিকেল পৌনে ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীন নলুয়াপাড়া বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) চার সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬১/৯-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকায় অবস্থান নেয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ও ইজিবাইক ফেলে পালিয়ে যায় বলে ধারণা করছে বিজিবি। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ এবং মদ বহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা ভারতীয় মদ ও ইজিবাইক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (ডিএনসি) জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/সু.পা