বাসাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে ‘নজরুল বর্ষ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শার্লী হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈচিত্র্যময় জীবন, সাহিত্যকর্ম, কালজয়ী সংগীত এবং তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, অন্যায় ও শোষণের বিরুদ্ধে তাঁর আপসহীন প্রতিবাদ এবং মানবমুক্তির বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দলীয়ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত উদ্দীপনামূলক সংগীত ‘চল চল চল’ পরিবেশন করা হয়।
ভোরের আকাশ/ এনউব