কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ২২ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিক্স, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল এবং গবাদিপশুসহ নানা ধরনের পণ্য।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম (২২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভোরের আকাশ/ইউএম