গাইবান্ধায় এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাকের ওয়াশরুম থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা।
নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট ঢাকা থেকে গাইবান্ধা পুলিশ সুপারের সরকারি বাসভবনে গার্ডের দায়িত্বে যোগ দেন হাবিবুর রহমান। বুধবার বিকেলে ব্যারাকের ওয়াশরুমে প্রবেশের পর দীর্ঘ সময় ধরে তিনি বাইরে না আসায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে গার্ড কমান্ডার সোহেল মিয়াসহ কয়েকজন সদস্য তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে হাবিবুরকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা বলেন, দুপুরে মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে হাবিবুরের কথা কাটাকাটি হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। একপর্যায়ে তিনি ওয়াশরুমে প্রবেশ করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের সদস্যরা গাইবান্ধায় আসছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে। নিহত হাবিবুর আজ রোজা ছিলেন। তার পরিবারের সদস্যরা আসছেন বলেও জানান ওসি
ভোরের আকাশ/ইউএম