চাঁদপুরে খাল ভরাটে বালু ব্যবসায়ীকে ২ লাখ জরিমানা

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে সরকারি খাল ভরাটের অভিযোগে এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে খাল ভরাটে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিনটি অকেজো করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মোবারক পাটোয়ারী।
আদালত সূত্রে জানা যায়, বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সরকারি খাল ভরাট করার একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে যান ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শনে খাল ভরাটের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত মোবারক পাটোয়ারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।
অতিরিক্ত বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি অকেজো করার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত জানায়, ভবিষ্যতে যেন পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের এ ধরনের কর্মকাণ্ড আর পরিচালনা করতে না পারে, সেজন্য অভিযুক্তের ড্রেজার মেশিনটি অকেজো করে দেওয়া হয়েছে।
পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় মোবারক পাটোয়ারীকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। অভিযান চলাকালে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, সরকারি খাল, নদী ও জলাশয় ভরাট করে পরিবেশের ক্ষতি এবং জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। পরিবেশ সংরক্ষণ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এম