সালথায় ধান মাড়াই গাড়ির ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী আহত

ফরিদপুরের সালথায় ধান মাড়াই মেশিনবাহী একটি গাড়ির ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্রি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতদের মধ্যে দুজন হলেন সালথা উপজেলার বাতাগ্রামের মজিদ মোল্যার ছেলে শাহিন মোল্যা (৪০) এবং নারানদিয়া গ্রামের মুসলিম ফকিরের ছেলে জাফর ফকির (৪০)। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারপট্রি থেকে মাঝারদিয়াগামী একটি যাত্রীবাহী ইজিবাইককে পেছন দিক থেকে ধান মাড়াই মেশিনবাহী একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে শাহিন মোল্যা ও জাফর ফকির গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধান মাড়াই মেশিনবাহী গাড়িটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/সু.পা